দুখ-শর্ব্বরী মাঘে। দুখ-শর্ব্বরী মাঘে, বড় সুখী তরুলতা; শাখে আর নাহি জাগে শ্যামল শোভার কথা! উত্তর বায়ু পারে না পত্র ঝরাতে, বরষি’ করকা তীব্র স্বননে ত্বরাতে; নাহি পারে আর পিণ্ড-তুষার জ্বরাতে, বিকাশের মুখে তা’ সবায়। দুখ-শর্ব্বরী মাঘে, বড় সুখী নির্ঝর; বুদ্‌বুদে নাহি জাগে রঙিন্ রবির কর! শুধুই মধুর বিস্তৃতি ল’য়ে সুখেতে, লালসা-লহর শান্ত করে সে বুকেতে; নিমেষের’ তরে উচ্চারে না ত’ মুখেতে কঠোর কালের বারতায়। আহা যদি সকলেরি হ’ত গো এমনি হায়; অতীতের সুখ স্মরি’ কে না কাঁদে যাতনায়? মরমে মরমে পরিবর্ত্তন মানা, প্রতিকার নাই,—চিকিৎসা নাই—জানা, অথচ নহেক অপটু, বধির, কাণা, সে কথা লেখেনি কবিতায়। কীট্‌স