দাও ঘুরপাক্ জ্ঞান ঘুচে যাক, ঘুরুক মাথা, চোখে মুখে নাকে ছুটুক আগুণ উঠুক গাথা! কোথা পায়জামা পাগড়ি কোথায় যাব তা’ ভুলে, ঘুরপাক দিয়ে করিব নৃত্য দু’ বাহু তুলে। রাঙা সুরা আর রাঙা পেয়ালার ঘুচিবে ভেদ, হৃদয়ে প্রণয়ে। হ’বে একাকার র’বে না খেদ। কি করেছি আর কি যে বাকী আছে জানিব না তা’, সব জানি তবু কিছুই জানিনে টলিছে মাথা! শাস্ত্র শুনিবে? পণ্ডিত আছে, জানিনে অত, ভাবে বুঁদ হ’য়ে চরণে দলেছি শাস্ত্র যত! ঘুরপাক্ দাও আগুন জ্বালাও, টুটুক বাধা, ভয়ে সংশয়ে ফুকারি’ মরুক যতেক গাধা। কাফের কে আর কে মুসলমান?— প্রেমের দাস! প্রেমে সব এক, ওরে দ্যাখ দ্যাখ! কি উল্লাস! সুখে আছি বুকে আকাশ আঁকড়ি’ বিভোল প্রাণে, পায়ের তলায় কে কি বলে, হায়, পশে না কানে! ঘুরুক্‌ ভাণ্ড, এ ব্রহ্মাণ্ড ঘুরুক সাথে, আমরা প্রেমিক, পরশ মাণিক পেয়েছি হাতে! সৈয়দ নিমতুল্লা।