ঘিরেছে গৃহটি মোর পল্লব-সাগরে,— নহে সে নির্জ্জীব কিবা বৈচিত্র্যবিহীন; পাণ্ডু শ্যাম তিন্তিলী সে হেথা শোভা করে ঘন শ্যাম আম্রকুঞ্জে রহিয়া নিলীন; ধূসর স্তম্ভের মত মাঝে মাঝে তাল; নীরব ঝিলের তীরে বিপুল শিমুল,— সুপ্ত দেশে তুরী যেন বাজায় করাল শ্যামবনে লালে লাল ফুটাইয়া ফুল। পূর্ব্ব ভাগে বেণু-বন, শোভা তার সাঁঝে,— ওঠে যবে চারু চাঁদ পত্র-অন্তরালে, শুভ্র শতদল যবে সরোবর মাঝে রৌপ্য পাত্রে পরিণত, চারু ইন্দ্রজালে! মুরছিতে চাহে মন মৌন সুষমায়, আদিম নন্দন বনে আঁখি ডুবে যায়। তরু দত্ত।