বন্ধু-গর্ব্ব। তাদের গর্ব্ব ক’রে থাকি আমি,—সে কথাটি জানি আমি, যাহারা নিয়ত আমারে ঘিরিয়া রয়েছে দিবস-যামী; আমার গর্ব্ব, আমার সর্ব্ব, আমার বন্ধু তা’রা;— এতগুলি মণি-রতনের মাঝে হ’য়ে আছি আমি হারা। তা’রা ঢলঢল মুকুতার ফল,—তারা মুকুতার পাঁতি, আমি একখানি রেশমের সূতা তা’দের রেখেছি গাঁথি’। পশি’ পরশিয়া দেখিয়াছি আমি অন্তর সবাকার, তাদের বক্ষ-নীড়ে গতিবিধি চিরদিন এজনার; আমারে ঘিরিয়া আছে নিশিদিন, আমারে বেড়িয়া আছে, মোরে নির্ভয়ে করি’ নির্ভর তা’রা হেসে খেলে বাঁচে; তা’রা ঢলঢল লাবণ্য-জল-সিক্ত মুকুতা পাঁতি, আমি একখানি রেশমের সূতা রেখেছি তা’দের গাঁথি’। মস্কিন্ অল্ দরামি