যবে, সৃজনবাসনা-কণা, ল’য়ে কৃপা-আঁথি-কোণে, চাহিলে, হে রাজ-অধিরাজ! অমনি, নিমেষে বিরাট বিশ্ব, চরণে করিয়া নতি, মহাশূন্যে করিল বিরাজ! মহালোক-সিন্ধু হ’তে এক বিন্দু ল’য়ে করে, প্রক্ষেপ করিলে, বিভু, অন্ধকার চরাচরে; অমনি চরণতলে, আলোকমণ্ডিত বিশ্ব, সন্তরিল জোতিঃস্রোতোমাঝ; মহাশক্তি-তূণ হ’তে হেলায় একটি বাণ নিক্ষেপিলে, জড়বিশ্ব অমনি পাইল প্রাণ; হ’ল, মহাবেগে ঘূর্ণ্যমান, আলোড়ি’ মহাবিমান, অগণিত জ্যোতিষ্কসমাজ।