যদি এ আমার হৃদয়দুয়ার       বন্ধ রহে গো কভু     দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে,       ফিরিয়া যেয়ো না, প্রভু। যদি কোনো দিন এ বীণার তারে তব প্রিয়নাম নাহি ঝংকারে দয়া করে তুমি ক্ষণেক দাঁড়ায়ো,   ফিরিয়া যেয়ো না, প্রভু।     তব আহ্বানে যদি কভু মোর     নাহি ভেঙে যায় সুপ্তির ঘোর     বজ্রবেদনে জাগায়ো আমায়,       ফিরিয়া যেয়ো না, প্রভু। যদি কোনো দিন তোমার আসনে আর-কাহারেও বসাই যতনে চিরদিবসের হে রাজা আমার,   ফিরিয়া যেয়ো না, প্রভু। — নৈবেদ্য (1901)