হে ভারত,​​ তব শিক্ষা দিয়েছে যে ধন, বাহিরে তাহার অতি অল্প আয়োজন, দেখিতে দীনের মতো,​​ অন্তরে বিস্তার তাহার ঐশ্বর্য যত।         আজি সভ্যতার    অন্তহীন আড়ম্বরে,​​ উচ্চ আস্ফালনে,    দরিদ্ররুধিরপুষ্ট বিলাসলালনে,    অগন্য চক্রের গর্জে মুখর ঘর্ঘর,    লৌহবাহু দানবের ভীষণ বর্বর    রুদ্ররক্ত-অগ্নিদীপ্ত পরম স্পর্ধায়    নিঃসংকোচে শান্তচিত্তে কে ধরিবে,​​ হায়,    নীরবগৌরব সেই সৌম্য দীনবেশে    সুবিরল— নাহি যাহে চিন্তাচেষ্টালেশ।    কে রাখিবে ভরি নিজ অন্তর-আগার    আত্মার সম্পদরাশি মঙ্গল উদার। — নৈবেদ্য (1901)