যদি আমি ঝ’রে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়: যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে ক্ষেতে ম্লান চোখ বুজে, যখন চড়াই পাখি কাঁঠালীচাঁপার নীড়ে ঠোঁট আছে গ‍ুঁজে, যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরী পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শ‍ুধু পায়, শামুক গ‍ুগলিগ‍ুলো প’ড়ে আছে শ্যাওলার মলিন সবুজে,— তখন আমারে যদি পাও নাকো লালশাক-ছাওয়া মাঠে খুঁজে, ঠেস্ দিয়ে ব’সে আর থাকি নাকো যদি বুনো চাল্‌তার গায়, তাহ’লে জানিও তুমি আসিয়াছে অন্ধকারে মৃত্যুর আহ্বান— যার ডাক শ‍ুনে রাঙা রৌদ্রেরো চিল আর শালিখের ভিড় একদিন ছেড়ে যাবে আম জাম বনে নীল বাংলার তীর, যার ডাক শ‍ুনে আজ ক্ষেতে ক্ষেতে ঝরিতেছে খই আর মৌরির ধান;— কবে যে আসিবে মৃত্যু: বাসমতী চালে-ভেজা শাদা হাতখান রাখো বুকে, হে কিশোরী, গোরোচনার‍ূপে আমি করিব যে স্নান— — রূপসী বাংলা (1957)