এই জল ভালো লাগে;—বৃষ্টির র‍ূপালি জল কত দিন এসে ধুয়েছে আমার দেহ—বুলায়ে দিয়েছে চুল—চোখের উপরে তার শান্ত স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে,—আবেগের ভরে ঠোঁটে এসে চুমো দিয়ে চ’লে গেছে কুমারীর মতো ভালোবেসে; এই জল ভালো লাগে;—নীলপাতা মৃদু ঘাস রৌদ্রের দেশে ফিঙ্গা যেমন তার দিনগ‍ুলো ভালোবাসে—বনের ভিতরে বার বার উড়ে যায়,—তেমনি গোপন প্রেমে এই জল ঝরে আমার দেহের ’পরে আমার চোখের ’পরে ধানের আবেশে ঝ’রে পড়ে;—যখন অঘ্রাণ রাতে ভরা ক্ষেত হয়েছে হলুদ, যখন জামের ডালে পেঁচার নরম হিম গান শোনা যায়, বনের কিনারে ঝরে যেই ধান বুকে ক’রে শান্ত শালি-ক্ষুদ, তেমনি ঝরিছে জল আমার ঠোঁটের ’পরে—চোখের পাতায়— আমার চুলের ’পরে;—অপরাহ্ণে রাঙা রোদ সবুজ আতায় রেখেছে নরম হাত যেন তার—ঢালিছে বুকের থেকে দুধ। — রূপসী বাংলা (1957)