সরল সরস স্নিগ্ধ তরুণ হৃদয়, কী গুণে তোমারে আমি করিয়াছি জয় তাই ভাবি মনে। উৎফুল্ল উত্তান চোখে চেয়ে আছ মুখ-পানে, প্রীতির আলোকে আমারে উজ্জ্বল করি। তারুণ্য তোমার আপন লাবণ্যখানি লয়ে উপহার পরায় আমার কণ্ঠে— সাজায় আমারে আপন মনের মতো দেবতা-আকারে ভক্তির উন্নত লোকে প্রতিষ্ঠিত করি। সেথায় একাকী আমি সসংকোচে মরি। সেথা নিত্য ধূপে দীপে পূজা-উপচারে অচল আসন-’পরে কে রাখে আমারে! গেয়ে গেয়ে ফিরি পথে আমি শুধু কবি— নহি আমি ধ্রুবতারা, নহি আমি রবি। ২১ আষাঢ় ১৩০৩ — চৈতালি (1896)