ক্ষুদ্র এই তৃণদল ব্রহ্মাণ্ডের মাঝে সরল মাহাত্ম্য লয়ে সহজে বিরাজে। পূরবের নবসূর্য, নিশীথের শশী, তৃণটি তাদেরি সাথে একাসনে বসি। আমার এ গান এও জগতের গানে মিশে যায় নিখিলের মর্ম-মাঝখানে— শ্রাবণের ধারাপাত, বনের মর্মর সকলের মাঝে তার আপনার ঘর।— কিন্তু, হে বিলাসী, তব ঐশ্বর্যের ভার ক্ষুদ্র রুদ্ধদ্বারে শুধু একাকী তোমার। নাহি পড়ে সূর্যালোক, নাহি চাহে চাঁদ, নাহি তাহে নিখিলের নিত্য-আশীর্বাদ। সম্মুখে দাঁড়ালে মৃত্যু মুহূর্তেই হায় পাংশুপাণ্ডু শীর্ণ ম্লান মিথ্যা হয়ে যায়। ১৪ শ্রাবণ ১৩০৩ — চৈতালি (1896)