ভক্ত করিছে প্রভুর চরণে       জীবন সমর্পণ—     ওরে দীন, তুই জোড়কর করি       কর্ তাহা দরশন। মিলনের ধারা পড়িতেছে ঝরি, বহিয়া যেতেছে অমৃতলহরী, ভূতলে মাথাটি রাখিয়া লহো রে   শুভাশিস-বরিষণ।     ভক্ত করিছে প্রভুর চরণে       জীবন সমর্পণ।       ওই যে আলোক পড়েছে তাহার         উদার ললাটদেশে,       সেথা হতে তারি একটি রশ্মি         পড়ুক মাথায় এসে। চারিদিকে তার শান্তিসাগর স্থির হয়ে আছে ভবি চরাচর, ক্ষণকল-তরে দাঁড়াও রে তীরে,   শান্ত করো রে মন।     ভক্ত করিছে প্রভুর চরণে       জীবন সমর্পণ। — নৈবেদ্য (1901)