এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়— লোকভয়, রাজভয়, মৃত্যুভয় আর। দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার, এই চিরপেষণযন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম-অবমান,অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নতশিরে সহস্রের পদপ্রান্ততলে বারম্বার মনুষ্যমর্যাদাগর্ব চিরপরিহার—   এ বৃহৎ লজ্জারাশি চরণ-আঘাতে   চূর্ণ করি দূর করো। মঙ্গলপ্রভাতে   মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে   উদার আলোক-মাঝে উন্মুক্ত বাতাসে। — নৈবেদ্য (1901)