৮৬ দীর্ঘকাল অনাবৃষ্টি,​​ অতি দীর্ঘকাল, হে ইন্দ্র,​​ হৃদয়ে মম। দিক্‌চক্রবাল ভয়ংকার শূন্য হেরি,​​ নাই কোনোখানে সরস সজল রেখা— কেহ নাহি আনে নববারিবর্ষনের শ্যামল সংবাদ।   যদি ইচ্ছা হয়,​​ দেব,​​ আনো বজ্রনাদ   প্রলয়মুখর হিংস্র ঝটিকার সাথে।   পলে পলে বিদ্যুতের বক্র কষাঘাতে   সচকিত করো মোর দিগ্‌দিগন্তর।   সংহরো সংহরো,​​ প্রভো,​​ নিস্তব্ধ প্রখর   এই রুদ্র,​​ এই ব্যাপ্ত,​​ এ নিঃশব্দ দাহ,   নিঃসহ নৈরাশ্যতাপ। চাহো নাথ,​​ চাহো   জননী যেমন চাহে সজলনয়ানে   পিতার ক্রোধের দিনে সন্তানের পানে। — নৈবেদ্য (1901)