ভজন পূজন সাধন আরাধনা    সমস্ত থাক পড়ে  রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে    কেন আছিস্ ওরে?  অন্ধকারে লুকিয়ে আপন মনে  কাহারে তুই পূজিস্‌ সঙ্গোপনে,  নয়ন মেলে দেখ্‌, দেখি তুই চেয়ে    দেবতা নাই ঘরে।     তিনি গেছেন যেথায় মাটি ভেঙে       করচে চাষা চাষ,-     পাথর ভেঙে কাট্‌চে যেথায় পথ       খাট্‌চে বারো মাস।     রৌদ্রে জলে আছেন সবার সাথে,     ধূলা তাঁহার লেগেছে দুই হাতে;     তাঁরি মতন শুচি বসন ছাড়ি         আয়রে ধূলার পরে।  মুক্তি? ওরে মুক্তি কোথায় পাবি,    মুক্তি কোথায় আছে?  আপ্‌নি প্রভু সৃষ্টিবাঁধন পরে’    বাঁধা সবার কাছে।  রাখোরে ধ্যান, থাকরে ফুলের ডালি,  ছিঁড়ুক বস্ত্র, লাগুক্‌ ধূলাবালি,  কর্ম্মযোগে তাঁর সাথে এক হয়ে    ঘর্ম্ম পড়ুক্‌ ঝরে॥ ২৭ আষাঢ় ১৩১৭ — গীতাঞ্জলি (1910)