নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে! টুটল বাঁধন টুটল রে! রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ পানে, হৃদয়-শতদলের সকল দলগুলি এই ফুটল রে, এই ফুটল রে! দুয়ার আমার ভেঙে শেষে দাড়ালে সেই আপনি এসে নয়ন জলে ভেসে হৃদয় চরণ-তলে লুটল রে আকাশ হতে প্রভাত-আলো আমার পানে হাত বাড়ালো, ভাঙা-কারার দ্বারে আমার, জয়ধ্বনি উঠল রে, এই উঠল রে! ১৮ ভাদ্র ১৩১৬ — গীতাঞ্জলি (1910)