তুমি এবার আমায় লহ হে নাথ, লহ। এবার তুমি ফিরোনা হে— হৃদয় কেড়ে নিয়ে রহ। যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহিনী, যাক‍্ সে ধূলাতে! এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ॥ কি আবেশে, কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে, এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী কহ॥ কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে, আমার তার লাগি আর ফিরায়ে না, তারে আগুন দিয়ে দহ॥ ২৮চৈত্র, ১৩১৬ — গীতাঞ্জলি (1910)