তুমি আমার আঙিনাতে ফুটিয়ে রাখ ফুল। আমার আনাগোনার পথখানি হয় সৌরভে আকুল।         ওগো ঐ তোমারি ফুল।      ওরা আমায় হৃদয়-পানে মুখ তুলে যে থাকে। ওরা তোমার মুখের ডাক নিয়ে যে আমারি নাম ডাকে।         ওগো ঐ তোমারি ফুল॥      তোমার কাছে কী যে আমি সেই কথাটি হেসে ওরা আকাশেতে ফুটিয়ে তোলে, ছড়ায় দেশে দেশে।         ওগো ঐ তোমারি ফুল॥      দিন কেটে যায় অন্যমনে, ওদের মুখে তবু প্রভু, তোমার মুখের সোহাগ-বাণী ক্লান্ত না কভু।         ওগো ঐ তোমারি ফুল।      প্রাতের পরে প্রাতে ওরা, রাতের পরে রাতে তোমার অন্তবিহীন যতনখানি বহন করে মাথে।         ওগো ঐ তোমারি ফুল।      হাসিমুখে আমার যতন নীরব হয়ে যাচে। তোমার অনেক যুগের পথ-চাওয়াটি ওদের মুখে আছে।         ওগো ঐ তোমারি ফুল॥ ৫ বৈশাখ ১৩২১ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)