পেয়েছি ছুটি, বিদায় দেহো, ভাই, সবারে আমি প্রণাম করে যাই।     ফিরায়ে দিনু দ্বারের চাবি,     রাখি না আর ঘরের দাবি, সবার আজি প্রসাদবাণী চাই- সবারে আমি প্রণাম করে যাই॥ অনেক দিন ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি।     প্রভাত হয়ে এসেছে রাতি,     নিবিয়া গেল কোণের বাতি, পড়েছে ডাক চলেছি আমি তাই- সবারে আমি প্রণাম করে যাই॥ ৯ বৈশাখ ১৩১৯ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)