তখন করি নি নাথ, কোনো আয়োজন; বিশ্বের সবার সাথে হে বিশ্বরাজন্, অজ্ঞাতে আসিতে হাসি আমার অন্তরে কত শুভদিনে, কত মুহূর্তের ’পরে অসীমের চিহ্ন লিখে গেছ। লই তুলি তোমার স্বাক্ষর-আঁকা সেই ক্ষণগুলি— দেখি তারা স্মৃতি-মাঝে আছিল ছড়ায়ে কত-না বলিব সাথে, আছিল জড়ায়ে ক্ষণিকের কত তুচ্ছ সুখদুঃখ ঘিরে।   হে নাথ, অবজ্ঞা করি যাও নাই ফিরে   আমার সে ধুলাস্তূপ খেলাঘর দেখে;   খেলা-মাঝে শুনিতে পেয়েছি থেকে থেকে   যে চরণধ্বনি, আজ শুনি তাই বাজে   জগৎ-সংগীত-সাথে চন্দ্রসূর্য-মাঝে। — নৈবেদ্য (1901)