পূর্বাভাস সন্ধ্যার আকাশতলে পীডিত নিঃশ্বাসে বিশীর্ণ পাণ্ডুর চাঁদ মান হয়ে আসে। বুভুক্ষু প্রেতেরা হাসে শাণিত বিক্রপে প্রাণ চাই শতাব্দীর বিলুপ্ত রক্তের — স্বষুপ্ত যক্ষেরা নিত্য কাঁদিছে ক্ষুধায় ধূর্ত দাবাগ্নি আজি জ্বলে চুপে চুপে, প্রমত্ত কস্তরীমৃগ ক্ষুব্ধ চেতনায় বিপন্ন করুণ ডাকে তোলে আর্তনাদ।. ব্যর্থ আজ শব্দভেদী বাণ — সহস্র তির্যকশৃঙ্গ করিছে বিবাদ– জীবন-মৃত্যুর সীমানায়।       লাঞ্ছিত সম্মান ফিরে চায় ভীরু-দৃষ্টি দিয়ে। দুর্বল তিতিক্ষা আজ দুর্বাশার তেজে স্বপ্ন মাঝে উঠেছে বিষিয়ে। দুর পুর্বাকাশে, বিহবল বিষাণ উঠে বেজে মরণের শিরায় শিরায়। মুমুর্মু বিবর্ণ যত রক্তহীন প্রাণ— বিস্ফারিত হিংস্ৰ-বেদনায়। অসংখ্য স্পন্দনে চলে মৃত্যু অভিযান লৌহের দুয়ারে পড়ে কুটিল আঘাত, উত্তপ্ত মাটিতে ঝরে বর্ণহীন শোণিত প্রপাত। স্বপ্তোত্থিত পিরামিড দুঃসহ জ্বলায় পৈশাচিক ক্রুর হাসি হেসে বিস্তীর্ণ অরণ্য মাঝে কুঠার চালায়; কালো মৃত্যু ফিরে যায় এসে॥ — পূর্বাভাস (1950)