আমরা সবাই প্রস্তুত আজ, ভীরু পলাতক। লুপ্ত অধুনা এদেশে তোমার গুপ্তঘাতক, হাজার জীবন বিকশিত এক রক্ত-ফুলে, পথে-প্রান্তরে নতুন স্বপ্ন উঠেছে তুলে। অভিজ্ঞতার আগুনে শুদ্ধ অতীত পাতক, এখানে সবাই সংঘবদ্ধ, যে নবজাতক। ক্রমশ এদেশে গুচ্ছবদ্ধ রক্ত-কুসুম ছড়ায় শত্র‌ু-শবের গন্ধ, ভাঙে ভীত ঘুম। এখানে কৃষক বাড়ায় ফসল মিলিত হাতে, তোমার স্বপ্ন চূর্ণ করার শপথ দাঁতে, যদিও নিত্য মুর্খ বাধার ব্যর্থ জুলুম: তবু শত্র‌ুর নিধনে লিপ্ত বাসনার ধুম। মিলিত ও ক্ষত পায়ের রক্ত গড়ে লালপথ, তাইতো লক্ষ মুঠিতে ব্যক্ত দৃঢ় অভিমত। ক্ষুধিত প্রাণেব অক্ষরে লেখা, “প্রবেশ নিষেধ, এখানে সবাই ভুলেছে দ্বন্দ্ব, ভুলেছে বিভেদ।” দুর্ভিক্ষ ও শত্র‌ুর শেষ হবে যুগপৎ, শোণিত ধারার উষ্ণ ঐক্যে ঘনায় বিপদ॥ — পূর্বাভাস (1950)