পথ হাঁটা কি এক ইশারা যেন মনে রেখে এক-একা শহরের পথ থেকে পথে অনেক হেঁটেছি আমি; অনেক দেখেছি আমি ট্রাম-বাস সব ঠিক চলে; তারপর পথ ছেড়ে শান্ত হ’য়ে চ’লে যায় তাহাদের ঘুমের জগতে: সারা রাত গ্যাসলাইট আপনার কাজ বুঝে ভালো ক’রে জ্বলে। কেউ ভুল করেনাকো— ইঁট বাড়ি সাইনবোর্ড জানালা কপাট ছাদ সব চুপ হ’য়ে ঘুমাবার প্রয়োজন বোধ করে আকাশের তলে। এক-একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয়ে করেছি অনুভব; তখন অনেক রাত— তখন অনেক তারা মনুমেণ্ট মিনারের মাথা নির্জনে ঘিরেছে এসে; মনে হয় কোনোদিন এর চেয়ে সহজ সম্ভব আর-কিছু দেখেছি কি: একরাশ তারা-আর-মনুমেণ্ট-ভরা কলকাতা? চোখ নিচে নেমে যায়— চুরুট নীরবে জ্বলে— বাতাসে অনেক ধুলো খড়; চোখ বুজে একপাশে স’রে যাই— গাছ থেকে অনেক বাদামী জীর্ণ পাতা উড়ে গেছে; বেবিলনে এক-একা এমনই হেঁটেছি আমি রাতের ভিতর কেন যেন; আজো আমি জানিনাকো হাজার-হাজার ব্যস্ত বছরের পর। — শ্রেষ্ঠ কবিতা (1954)