প্রতিদিন তব গাথা   গাব আমি সুমধুর— তুমি মোরে দাও কথা,   তুমি মোরে দাও সুর।     তুমি যদি থাক মনে     বিকচ কমলাসনে,     তুমি যদি কর প্রাণ       তব প্রেমে পরিপূর —     প্রতিদিন তব গাথা       গাব আমি সুমধুর। তুমি যদি শোন গান   আমার সমুখে থাকি, সুধা যদি করে দান   তোমার উদার আঁখি,     তুমি যদি দুখ-’পরে     রাখ হাত স্নেহভরে,     তুমি যদি সুখ হতে       দম্ভ করহ দূর—     প্রতিদিন তব গাথা       গাব আমি সুমধুর। — নৈবেদ্য (1901)