কোথা হতে আসিয়াছি, নাহি পড়ে মনে অগণ্য যাত্রীর সাথে তীর্থদরশনে এই বসুন্ধরাতলে; লাগিয়াছে তরী নীলাকাশ সমুদ্রের ঘাটের উপরি।   শুনা যায় চারি দিকে দিবসরজনী   বাজিতেছে বিরাট সংসার-শঙ্খধ্বনি   লক্ষ লক্ষ জীবন-ফুৎকারে। এত বেলা   যাত্রী নরনারী-সাথে করিয়াছি মেলা   পুরীপ্রান্তে পান্থশালা-'পরে। স্নানে পানে   অপরাহ্ন হয়ে এল গল্পে হাসিগানে।     এখন মন্দিরে তব এসেছি, হে নাথ,     নির্জনে চরণতলে করি প্রণিপাত     এ জন্মের পূজা সমাপিব। তার পর     নবতীর্থে যেতে হবে হে বসুধেশ্বর। — নৈবেদ্য (1901)