পৃথিবীর পথে আমি বহুদিন বাস ক’রে হৃদয়ের নরম কাতর অনেক নিভৃত কথা জানিয়াছি; পৃথিবীতে আমি বহুদিন কাটায়েছি; বনে বনে ডালপালা উড়িতেছে—যেন পরী জিন্ কথা কয়; ধূসর সন্ধ্যায় আমি ইহাদের শরীরের ’পর খইয়ের ধানের মতো দেখিয়াছি ঝরে ঝর্ ঝর্ দু’-ফোঁটা মাঘের বৃষ্টি,—শাদা ধুলো জলে ভিজে হয়েছে মলিন, ম্লান গন্ধ মাঠে ক্ষেতে—গুবরে পোকার তুচ্ছ বুক থেকে ক্ষীণ অস্পষ্ট করুণ শব্দ ডুবিতেছে অন্ধকারে নদীর ভিতর: এই সব দেখিয়াছি; দেখিয়াছি নদীটিরে—মজিতেছে ঢালু, অন্ধকারে; সাপমাসী উড়ে যায়; দাঁড়কাক অশ্বত্থের নীড়ের ভিতর পাখ্‌নার শব্দ করে অবিরাম; কুয়াশায় একাকী মাঠের ঐ ধারে কে যেন দাঁড়ায়ে আছে: আরো দূরে দু’-একটা স্তব্ধ খোড়ো ঘর প’ড়ে আছে; খাগড়ার বনে ব্যাং ডাকে কেন—থামিতে কি পারে; (কাকের তরুণ ডিম পিছলায়ে প’ড়ে যায় শ্যাওড়ার ঝাড়ে।) — রূপসী বাংলা (1957)