পৃথিবী রয়েছে ব্যস্ত কোনখানে সফলতা শক্তির ভিতর, কোনখানে আকাশের গায়ে র‍ূঢ় মনুমেণ্ট উঠিতেছে জেগে, কোথায় মাস্তুল তুলে জাহাজের ভিড় সব লেগে আছে মেঘে, জানি নাকো;―আমি এই বাংলার পাড়াগাঁয়ে বাঁধিয়াছি ঘর: সন্ধ্যায় যে দাঁড়কাক উড়ে যায় তালবনে―মুখে দু’টো খড় নিয়ে যায়―সকালে যে নিমপাখি উড়ে আসে কাতর আবেগে নীল তেঁতুলের বনে―তেমনি করুণা এক বুকে আছে লেগে; বঁইচির বনে আমি জোনাকির র‍ূপ দেখে হয়েছি কাতর; কদমের ডালে আমি শ‍ুনেছি যে লক্ষ্মীপেঁচা গেয়ে গেছে গান নিশ‍ুতি জ্যোৎস্নার রাতে,―টুপ্ টুপ্ টুপ্ টুপ্ সারারাত ঝরে শ‍ুনেছি শিশিরগ‍ুলো, ম্লান মুখে গড় এসে করেছে আহ্বান ভাঙা সোঁদা ইঁটগ‍ুলো,―তারি বুকে নদী এসে কি কথা মর্মরে; কেউ নাই কোনোদিকে―তবু যদি জ্যোৎস্নায় পেতে থাক কান শ‍ুনিবে বাতাসে শব্দ: ‘ঘোড়া চ’ড়ে কই যাও হে রায়রায়ান―’ — রূপসী বাংলা (1957)