৬৪     মেনেছি, হার মেনেছি।     ঠেলতে গেছি তোমায় যত         আমায় তত হেনেছি।             আমার চিত্তগগন থেকে             তোমায় কেউ যে রাখ্‌বে ঢেকে,             কোনোমতেই সইবে না সে                বারেবারেই জেনেছি     অতীত জীবন ছায়ার মত         চল্‌চে পিছে পিছে,     কত মায়ার বাঁশির সুরে         ডাক্‌চে আমায় মিছে।             মিল ছুটেছে তাহার সাথে,             ধরা দিলেম তোমার হাতে,             যা আছে মোর এ জীবনে               তোমার দ্বারে এনেছি! ৭ জ্যৈষ্ঠ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)