যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। আর পারিনে রাত জাগতে, হে নাথ, ভাবতে অনিবার। আাছি রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বার। তাইত কারো হয় না আসা আমার একা ঘরে। আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে। তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও, রাখতে যা চাই রয়না তাও ধূলায় একাকার। ১ আশ্বিন ১৩১৬ — গীতাঞ্জলি (1910)