গাবার মত হয়নি কোন গান, দেবার মত হয়নি কিছু দান।    মনে যে হয় সবি রইল বাকি    তোমায় শুধু দিয়ে এলাম ফাঁকি,    কবে হবে জীবন পূর্ণ করে        এই জীবনের পূজা অবসান!    আর সকলের সেবা করি যত        প্রাণপণে দিই অর্ঘ্য ভরি ভরি।      সত্য মিথ্যা সাজায়ে দিই কত         দীন বলিয়া পাছে ধরা পড়ি।          তোমার কাছে গোপন কিছু নাই,          তোমার পূজার সাহস এত তাই,          যা আছে তাই পায়ের পাছে আনি              অনাবৃত দরিদ্র এই প্রাণ। ৭ শ্রাবণ ১৩১৭ — গীতাঞ্জলি (1910)