একাধারে তুমিই আকাশ,​​ তুমি নীড়। হে সুন্দর,​​ নীড়ে তব প্রেম সুনিবিড় প্রতি ক্ষণে নানা বর্ণে নানা গন্ধে-গীতে মুগ্ধ প্রাণ বেষ্টন করেছে চারি ভিতে। সেথা উষা ডান হাতে ধরি স্বর্ণথালা নিয়ে আসে একখানি মাধুর্যের মালা নীরবে পরায়ে দিতে ধরার ললাটে; সন্ধ্যা আসে নম্রমুখে ধেনুশূন্য মাঠে চিহ্নহীন পথ দিয়ে লয়ে স্বর্ণঝারি পশ্চিমসমুদ্র হতে ভরি শান্তিবারি।   তুমি যেথা আমাদের আত্মার আকাশ   অপার সঞ্চারক্ষেত্র,​​ সেথা শুভ্র ভাস;   দিন নাই,​​ রাত্রি নাই,​​ নাই জনপ্রাণী,   বর্ণ নাই,​​ গন্ধ নাই— নাই নাই বাণী। — নৈবেদ্য (1901)