ঘাটে বসে আছি আনমনা,   যেতেছে বহিয়া সুসময়। এ বাতাসে তরী ভাসাব না   তোমা-পানে যদি নাহি বয়।     দিন যায় ওগো দিন যায়,       দিনমণি যায় অস্তে।     নাহি হেরি বাট, দূরতীরে মাঠ       ধূসর গোধূলি-ধূলি-ময়। ঘরের ঠিকানা হল না গো,   মন করে তবু যাই-যাই। ধ্রুবতারা তুমি যেথা জাগ’   সে দিকের পথ চিনি নাই।     এত দিন তরী বাহিলাম,       বাহিলাম তবী যে পথে,     শতবার তরী ডুবুডুবু করি       সে পথে ভরসা নাহি পাই। তীর-সাথে হেরো শত ডোরে   বাঁধা আছে মোর তরীখান। রশি খুলে দেবে কবে মোরে—   ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।     কোথা বুকজোড়া খোলা হাওয়া,       সাগরের খোলা হাওয়া কই।     কোথা মহাগান ভরি দিবে কান,       কোথা সাগরের মহাগান। — নৈবেদ্য (1901)