কি এ নিরুপম শোভা মনোরম হরগৌরী একশরীরে॥ শ্বেতপীত কায় রাঙ্গা দুটি পায় নিছনি লইয়া মরি রে॥ আধ বাঘছাল ভাল বিরাজে আধপটাম্বর সুন্দর সাজে আধ মণিময়কিঙ্কিণী বাজে আধ ফণিকণা ধরি রে॥ আধই হৃদয়ে হাড়ের মালা আধমণিময়হার উজালা আধ গলে শোভে গরল কালা আধই সুধামাধুরি রে॥ এক হাতে শোতে ফণিভূষণ একহাতে শোভে মণিকঙ্কণ আধ মুখে ভাঙ্গ ধুতুরা ভক্ষণ আধই তাম্বূল পূরি রে॥ ভাঙ্গে ঢুলু ঢুলু এক লোচন কজ্জলে উজ্জ্বল এক নয়ন আধ তালে হরিতাল সুশোভন আধই সিন্দূর পরি রে॥ কপাল লোচন আধই আধে মিলন হইল বড়ই সাধে দুই ভাগ অগ্নি এক অবাধে হইল প্রণয় করি রে॥ দোঁহার আধ আধ আধশশী শোভা দিল বড় মিলিয়া বসি আধ জটাজূট গঙ্গা সরসী আধই চারু কবরী রে॥ এক কাণে শোভে ফণিমণ্ডল এক কাণে শোভে মণিকুণ্ডল আধ অঙ্গে শোভে বিভূতি ধবল আধই গন্ধকস্তূরী রে॥ ভারত কবি গুণাকর রায় কৃষ্ণচন্দ্র প্রেম ভকতি চায় হরগৌরী বিয়া হইল সায় সবে বল হরি হরি রে॥ ইতি শনিবারের নিশাপালা।