তব চরণের আশা,​​ ওগো মহারাজ, ছাড়ি নাই। এত যে হীনতা,​​ এত লাজ, তবু ছাড়ি নাই আশা। তোমার বিধান কেমনে কী ইন্দ্রজাল করে যে নির্মাণ সংগোপনে সবার নয়ন-অন্তরালে, কেহ নাহি জানে। তোমার নির্দিষ্ট কালে মুহূর্তেই অসম্ভব আসে কোথা হতে আপনারে ব্যক্ত করি আপন আলোতে চিরপ্রতীক্ষিত চিরসম্ভবের বেশে।   আছ তুমি অন্তর্যামী এ লজ্জিত দেশে;   সবার অজ্ঞাতসারে হৃদয়ে হৃদয়ে   গৃহে গৃহে রাত্রিদিন জাগরূক হয়ে   তোমার নিগূঢ় শক্তি করিতেছে কাজ।   আমি ছাড়ি নাই আশা,​​ ওগো মহারাজ। — নৈবেদ্য (1901)