হাসির কুসুম আনিল সে, ডালি ভরি’,   আমি আনিলাম দুখ-বাদলের ফল। শুধালেম তা’রে “যদি এ বদল করি        হার হ’বে কার বল্।” হাসি কৌতুকে কহিল সে সুন্দরী        “এসোনা বদল করি। দিয়ে মোর হার লব ফল ভার        অশ্রুর রসে ভরা।” চাহিয়া দেখিনু মুখপানে তা’র        নিদয়া সে মনোহরা॥ সে লইল তুলে আমার ফলের ডালা,   করতালি দিল’ হাসিয়া সকৌতুকে। আমি লইলাম তাহার ফুলের মালা      তুলিয়া ধরি বুকে। “মোর হ’লো জয়” হেসে হেসে কয়,      দূরে চ’লে গেল ত্বরা। উঠিল তপন মধ্যগগনদেশে,      আসিল দারুণ খরা, সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে      ফুলগুলি সব ঝরা॥ জুলিয়ো চেজারে জাহাজ, ১৭ জানুয়ারী, ১৯২৫। — পূরবী (1925)