দুঃখ-সম্পদ্   দুঃখ, তব যন্ত্রণায় যে-দুর্দ্দিনে চিত্ত উঠে ভরি’,     দেহে মনে চতুর্দ্দিকে তোমার প্রহরী   রোধ করে বাহিরের সান্ত্বনার দ্বার,      সেইক্ষণে প্রাণ আপনার   নিগূঢ় ভাণ্ডার হ’তে গভীর সান্ত্বনা   বাহির করিয়া আনে; অমৃতের কণা      গ’লে আসে অশ্রুজলে;   সে-আনন্দ দেখা দেয় অন্তরের তলে       যে আপন পরিপূর্ণতায়    আপন করিয়া লয় দুঃখ-বেদনায়।      তখন সে মহা অন্ধকারে অনির্ব্বাণ আলোকের পাই দেখা অন্তর-মাঝারে।    তখন বুঝিতে পারি আপনার মাঝে  আপন অমরাবতী চিরদিন গোপনে বিরাজে॥ আণ্ডেস্ জাহাজ, ৪ নভেম্বর, ১৯২৪। — পূরবী (1925)