আঁধারে আবৃত ঘন সংশয়       বিশ্ব করিছে গ্রাস,     তারি মাঝখানে সংশয়াতীত       প্রত্যয় করে বাস। বাক্যের ঝড়, তর্কের ধূলি, অন্ধ বুদ্ধি ফিরিছে আকুলি, প্রত্যয় আছে আপনার মাঝে—   নাহি তার কোনো ত্রাস।     সংসারপথে শত সংকট       ঘুরিছে ঘুর্ণবায়ে,     তারি মাঝখানে অচলা শান্তি       অমরতরুচ্ছায়ে। নিন্দা ও ক্ষতি, মৃত্যু বিরহ, কত বিষবাণ উড়ে অহরহ— স্থির যোগাসনে চির-আনন্দ,   তাহার নাহিকো নাশ। — নৈবেদ্য (1901)