যার কাছে আছে তারা কাছে থাক্,   তারা তো পাবে না জানিতে তাহাদের চেয়ে তুমি কাছে আছ   আমার হৃদয়খানিতে।     যারা কথা বলে তাহারা বলুক,     আমি কাহারেও করি না বিমুখ,     তারা নাহি জানে— ভরা আছে প্রাণ       তব অকথিত বাণীতে।     নীরবে নিয়ত রয়েছ আমার       নীরব হৃদয়খানিতে। তোমার লাগিয়া কারেও হে প্রভু, পথ ছেড়ে দিতে বলিব না কভু, যত প্রেম আছে সব প্রেম মোরে   তোমা-পানে রবে টানিতে। সকলের প্রেমে রবে তব প্রেম   আমার হৃদয়খানিতে।     সবার সহিতে তোমার বাঁধন     হেরি যেন সদা এ মোর সাধন,     সবার সঙ্গে পারে যেন মনে       তব আরাধনা আনিতে।     সবাব মিলনে তোমার মিলন       জাগিবে হৃদয়খানিতে। — নৈবেদ্য (1901)