আমারে তুমি অশেষ করেছ।    এমনি লীলা তব। ফুরায়ে ফেলে আবার ভরেছ    জীবন নব নব। কত যে গিরি কত যে নদী-তীরে বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে, কত যে তান বাজালে ফিরে ফিরে    কাহারে তাহা কব॥ তোমারি ঐ অমৃতপরশে    আমার হিয়াখানি হারালো সীমা, বিপুল হরষে    উথলি উঠে বাণী। আমার শুধু একটি মুঠি ভরি দিতেছ দান দিবসবিভাবরী, হল না সারা কত-না যুগ ধরি,    কেবলি আমি লব॥ ৭ বৈশাখ ১৩১৯ শান্তিনিকেতন — গীতিমাল্য (1914)