আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে ব’সে থাকি; কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা—কেশবতী কন্যা যেন এসেছে আকাশে: আমার চোখের ’পরে আমার মুখের ’পরে চুল তার ভাসে; পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নিকো—দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে র‍ূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে:নরম ধানের গন্ধ—কল্‌মীর ঘ্রাণ, হাঁসের পালক, শর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল-ধোয়া ভিজে হাত—শীত হাতখান, কিশোরের পায়ে-দলা মুথাঘাস,—লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা—এরি মাঝে বাংলার প্রাণ: আকাশে সাতটি তারা যখন উঠেছে ফাুটে আমি পাই টের। — রূপসী বাংলা (1957)