৬০ একদা এ ভারতের কোন্‌ বনতলে কে তুমি মহান্‌ প্রাণ,​​ কী আনন্দবলে উচ্চারি উঠিলে উচ্চে, ‘শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্যধামবাসী,​​ আমি জেনেছি তাঁহারে, মহান্ত পুরুষ যিনি আঁধারের পারে জ্যোতির্ময়। তাঁরে জেনে,​​ তাঁর পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো,​​ অন্য পথ নাহি।’   আরবার এ ভারতে কে দিবে গো আনি   সে মহা আনন্দমন্ত্র,​​ সে উদাত্তবাণী   সঞ্জীবনী,​​ স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয়   পরম ঘোষণা,​​ সেই একান্ত নির্ভয়   অনন্ত অমৃতবার্তা।             রে মৃত ভারত,     শুধু সেই এক আছে,​​ নাহি অন্য পথ। — নৈবেদ্য (1901)