৫৯ আমরা কোথায় আছি,​​ কোথায় সুদূরে দীপহীন জীর্ণভিত্তি অবসাদপুরে ভগ্নগৃহে,​​ সহস্রের ভ্রূকুটির নীচে কুব্জপৃষ্ঠে নতশিরে;​​ সহস্রের পিছে চলিয়াছি প্রভুত্বের তর্জনীসংকেতে কটাক্ষে কাঁপিয়া; লইয়াছি শির পেতে সহস্রশাসনশাস্ত্র।         সংকুচিতকায়া   কাঁপিতেছে রচি নিজ কল্পনার ছায়া।   সন্ধ্যার আঁধারে বসি নিরানন্দ ঘরে   দীন-আত্মা মরিতেছে শত লক্ষ ডরে।   পদে পদে ত্রস্তচিত্তে হয়ে লুণ্ঠ্যমান   ধূলিতলে,​​ তোমারে যে করি অপ্রমাণ।   যেন মোরা পিতৃহারা ধাই পথে পথে   অনীশ্বর অরাজক ভয়ার্ত জগতে। — নৈবেদ্য (1901)