এই পশ্চিমের কোণে রক্তরাগরেখা নহে কভু সৌম্যরশ্মি অরুণের লেখা তব নব প্রভাতের। এ শুধু দারুণ সন্ধ্যার প্রলয়দীপ্তি। চিতার আগুন পশ্চিমসমুদ্রতটে করিছে উদ্গার বিস্ফুলিঙ্গ—​​ স্বার্থদীপ্ত লুব্ধ সভ্যতার মশাল হইতে লয়ে শেষ অগ্নিকণা।   এই শ্মশানের মাঝে শক্তির সাধনা   তব আরাধনা নহে হে বিশ্বপালক।   তোমার নিখিলপ্লাবী আনন্দ-আলোক   হয়তো লুকায়ে আছে পূর্বসিন্ধুতীরে   বহু ধৈর্যে নম্র স্তব্ধ দুঃখের তিমিরে   সর্বরিক্ত অশ্রুসিক্ত দৈন্যের দীক্ষায়   দীর্ঘকাল— ব্রাহ্ম মুহূর্তের প্রতীক্ষায়। — নৈবেদ্য (1901)