৭০ (ভাষা।) “O matre pulchra— Filia pulchrior” Hor. লো সুন্দরী জননীর সুন্দরীতরা দুহিতা!— মূঢ় সে, পণ্ডিত-গণে তাহে নাহি গণি, কহে যে, রূপসী তুমি নহ, লো সুন্দরি ভাষা!—শত ধিক্ তারে! ভুলে সে কি করি শকুন্তলা তুমি, তব মেনকা জননী? রূপ-হীনা দুহিতা কি, মা যার অপ্সরী?— বীণার রসনা-মূলে জন্মে কি কুধ্বনি? কবে মন্দ-গন্ধ শ্বাস শ্বাসে ফুলেশ্বরী নলিনী? সীতারে গর্ভে ধরিলা ধরণী। দেব-যোনি মা তোমার; কাল নাহি নাশে রূপ তাঁর; তবু কাল করে কিছু ক্ষতি। নব রস-সুধা কোথা বয়েসের হাসে? কালে সুবর্ণের বর্ণ ম্লান, লো যুবতি! নব শশিকলা তুমি ভারত-আকাশে, নব-ফুল বাক্য-বনে, নব মধুমতী।