যেদিন ফুটল কমল কিছুই জানি নাই,        আমি ছিলেম অন্যমনে। আমার সাজিয়ে সাজি ভারে আনি নাই,        সে যে রইল সংগোপনে।      মাঝে মাঝে হিয়া আকুল-প্রায়,      স্বপন দেখে চম্‌কে‌ উঠে চায়,      মন্দ মধুর গন্ধ আসে হায়        কোথায় দখিন-সমীরণে॥ ওগো সেই সুগন্ধে ফিরায় উদাসিয়া        আমায় দেশে দেশান্তে। যেন সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া        ভুবন নবীন বসন্তে।      কে জানিত দূরে তো নেই সে,      আমারি গো আমারি সেই যে,      এ মাধুরী ফুটেছে হায় রে        আমার হৃদয়-উপবনে॥ ২৬ চৈত্র ১৩১৮ শিলাইদহ — গীতিমাল্য (1914)