সন্ধ্যা হল গো-   ও মা, সন্ধ্যা হল, বুকে ধরো। অতল কালো স্নেহের মাঝে   ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। ফিরিয়ে নে, মা, ফিরিয়ে নে গো- সব যে কোথায় হারিয়েছে গো, ছড়ানো এই জীবন, তোমার   আঁধার-মাঝে হোক-না জড়ো॥ আর আমারে বাইরে তোমার   কোথাও যেন না যায় দেখা। তোমার রাতে মিলাক আমার   জীবন-সাঁজের রশ্মিরেখা। আমায় ঘিরি, আমায় চুমি কেবল তুমি, কেবল তুমি। আমার ব’লে যা আছে, মা,   তোমার ক’রে সকল হরো॥ ৬ জ্যৈষ্ঠ ১৩২১ রাত্রি রামগড় — গীতিমাল্য (1914)