৬৩ (উদ্যানে পুষ্করিণী।) বড় রম্য স্থলে বাস তোর, লো সরসি! দগধা বসুধা যরে চৌদিকে প্রখরে তপনের, পত্রময়ী শাখা ছত্র ধরে শীতলিতে দেহ তোর; মৃদু শ্বাসে পশি, সুগন্ধ পাখার রূপে, বায়ু বায়ু করে। বাড়াতে বিরাম তোর আদরে, রূপসি, শত শত পাতা মিলি মিষ্টে মরমরে; স্বর্ণ-কান্তি ফুল ফুটি, তোর তটে বসি, যোগায় সৌরভ-ভোগ, কিঙ্করী যেমতি পাট-মহিষীর খাটে, শয়ন সদনে। নিশায় বাসের রঙ্গ তোর, রসবতি, লয়ে চাঁদে,—কত হাসি প্রেম-আলিঙ্গনে! বৈতালিক-পদে তোর পিক-কুল-পতি; ভ্রমর গায়ক; নীচে খঞ্জন, ললনে।