৬৪ (নূতন বৎসর।) ভূত-রূপ সিন্ধু-জলে গড়ায়ে পড়িল বৎসর, কালের ঢেউ, ঢেউর গমনে। নিত্যগামী রথচক্র নীরবে ঘুরিল আবার আয়ুর পথে। হৃদয়-কাননে, কত শত আশা-লতা শুখায়ে মরিল, হায় রে, কব তা কারে, কব তা কেমনে! কি সাহসে আবার বা রোপিব যতনে সে বীজ, যে বীজ ভূতে বিফল হইল বাড়িতে লাগিল বেলা; ডুবিবে সত্বরে তিমিরে জীবন-রবি। আসিছে রজনী, নাহি যার মুখে কথা বায়ু-রূপ স্বরে; নাহি যার কেশ-পাশে তারা-রূপ মণি; চির-রুদ্ধ দ্বার যার নাহি মুক্ত করে উষা,—তপনের দূতী, অরুণ-রমণী!