হে বন্ধু, প্রসন্ন হও, দূর করো ক্রোধ। তোমাদের সাথে মোর বৃথা এ বিরোধ। আমি চলিবারে চাই যেই পথ বাহি সেথা কারো তরে কিছু স্থানাভাব নাহি। সপ্তলোক সেই পথে চলে পাশে পাশে, তবু তার অন্ত নাই মহান আকাশে। তোমার ঐশ্বর্যরাশি গৃহভিত্তি-মাঝে ব্রহ্মাণ্ডেরে তুচ্ছ করি দীপ্তগর্বে সাজে— তারে সেই বিশ্বপথে করিলে বাহির মুহূর্তে সে হবে ক্ষুদ্র ম্লান নতশির; সেথা তার চেয়ে শ্রেষ্ঠ নব তৃণদল বরষার বৃষ্টিধারে সরস শ্যামল। সেথা তার চেয়ে শ্রেষ্ঠ, ওগো অভিমান, এ আমার আজিকার অতি ক্ষুদ্র গান। ১১ শ্রাবণ ১৩০৩ — চৈতালি (1896)