একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন-’পরে অন্তিম নিমেষ। পরদিনে এইমতো পোহাইবে রাত, জাগ্রত জগৎ-’পরে জাগিবে প্রভাত। কলরবে চলিবেক সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা। সে কথা স্মরণ করি নিখিলের পানে আমি আজি চেয়ে আছি উৎসুক নয়ানে। যাহা-কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়; সকলি দুর্লভ ব’লে আজি মনে হয়। দুর্লভ এ ধরণীর লেশতম স্থান, দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ। যা পাই নি তাও থাক্‌, যা পেয়েছি তাও— তুচ্ছ ব’লে যা চাই নি তাই মোরে দাও। ১৮ চৈত্র, ১৩০২ — চৈতালি (1896)